বিনামূল্যে ই-বুক ডাউনলোডের সেরা ৮ ওয়েবসাইট
বইয়ের পাতা ওল্টানোর পরিচিত খসখস শব্দে যে সার্বজনীন সুখ লুকিয়ে থাকে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তা আজ রূপ নিয়েছে ডিজিটাল পর্দার উজ্জ্বলতায়। ই-রিডারের এক চিলতে আলোয় এখন অনায়াসে বন্দি করে রাখা যায় আস্ত এক লাইব্রেরি। কিন্তু পছন্দের বইগুলো ডিজিটাল মাধ্যমে বৈধভাবে ও সহজ উপায়ে পাওয়ার পথ জানা আছে কি? বইপ্রেমীদের জন্য আনন্দসংবাদ হলো, ইন্টারনেটের জগতে এমন কিছু দারুণ প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং বৈধভাবে নামিয়ে নেওয়া যায় পছন্দের ই-বুক। লেখক ও পাঠকদের স্বার্থ রক্ষা করে দারুণ সব বই ডাউনলোডের সুযোগ দেওয়া এমনই ৮টি নির্ভরযোগ্য ওয়েবসাইটের বিবরণ নিচে দেওয়া হলো।
বুকবাব (BookBub)
বইপ্রেমীদের জন্য ২০১২ সাল থেকেই এক নির্ভরযোগ্য নাম 'বুকবাব'। তাদের সেবা নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ: প্রথমে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলে নিজের পছন্দের সাহিত্যধারা (জেনার) ও পছন্দের লেখক নির্বাচন করতে হবে। বুকবাবের সম্পাদক মণ্ডলী প্রতিদিন পাঠকের পছন্দ অনুযায়ী নির্বাচিত ই-বুকের তালিকা ইমেইলে পাঠিয়ে দেয়। পছন্দসই কোনো বই বিনামূল্যে ডাউনলোডের সুযোগ এলে মূল বিক্রেতার লিংকে গিয়ে তা সরাসরি ই-রিডারে নামিয়ে নেওয়া যায়। এদের তালিকায় প্রতিদিন নতুন নতুন বেস্টসেলার বই যুক্ত হয়।
হুপলা (Hoopla)
পাবলিক লাইব্রেরির কার্ড যুক্ত করেই 'হুপলা'র সুবিশাল ডিজিটাল লাইব্রেরিতে প্রবেশ করা সম্ভব। কার্ড যুক্ত করার পর সম্পূণ বিনামূল্যে বই ডাউনলোডের সুযোগ মিলবে। সাম্প্রতিক কালের আলোড়ন তোলা বেস্টসেলার থেকে শুরু করে চিরায়ত সাহিত্য- সবই মেলে এই প্ল্যাটফর্মে। ই-বুকের পাশাপাশি বিনামূল্যে অডিওবুক ডাউনলোড এবং সিনেমা স্ট্রিম করার সুবিধাও রয়েছে এতে। হুপলা অ্যাকাউন্টের সঙ্গে ই-রিডার যুক্ত করে বই সরাসরি ডিভাইসে নেওয়া যায়।
প্রজেক্ট গুটেনবার্গ (Project Gutenberg)
বিনামূল্যে ই-বুক ডাউনলোডের জগতে অন্যতম প্রাচীন ও জনপ্রিয় নাম 'প্রজেক্ট গুটেনবার্গ'। বর্তমানে তাদের সংগ্রহে রয়েছে ৭৫ হাজারের বেশি বই। কপিরাইট মেয়াদ শেষ হয়ে 'পাবলিক ডোমেইন'-এ চলে যাওয়া বইগুলো বৈধভাবে বিনামূল্যে পড়ার জন্য উন্মুক্ত রাখে সংস্থাটি। জেন অস্টিন কিংবা চার্লস ডিকেন্সের মতো ধ্রুপদি লেখকদের বইগুলো সুবিন্যস্ত ও নির্ভুলভাবে ই-রিডার ফ্রেন্ডলি ফরম্যাটে সাজিয়ে রেখেছে তারা।
নেটগ্যালি (NetGalley)
কোনো বই বাজারে আসার আগেই যদি তা পড়ার ইচ্ছা থাকে, তবে 'নেটগ্যালি' একদম উপযুক্ত জায়গা। যে কেউ বিনামূল্যে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবেদন জানিয়ে প্রকাশকদের কাছ থেকে প্রকাশিতব্য বইয়ের 'অ্যাডভান্স রিডার কপি' পড়ার সুযোগ মেলে এখানে। তবে শর্ত হলো- বইটি পড়ার পর নেটগ্যালি ওয়েবসাইট এবং গুডরিডস বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা বা রিভিউ পোস্ট করতে হবে। আবেদন গৃহীত হলেই বইটি ই-রিডারে নিয়ে পড়া শুরু করা যায়।
বুকফানেল (BookFunnel)
স্বাধীন ও স্ব-প্রকাশিত (ইন্ডি) লেখকদের বই পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে 'বুকফানেল'। নেটগ্যালির মতোই এখানেও লেখকেরা তাঁদের নতুন বই ডাউনলোডের সুযোগ দেন পাঠকদের গঠনমূলক রিভিউয়ের বিনিময়ে। এখান থেকে নামিয়ে নেওয়া ই-বুকগুলো পাঠক আজীবনের জন্য নিজের ই-রিডারে সংরক্ষণ করে রাখতে পারেন।
লিবি (Libby)
হুপলার মতোই 'লিবি' অ্যাপটি পাঠকদের তাঁদের স্থানীয় পাবলিক লাইব্রেরির সঙ্গে যুক্ত করে। অ্যাপটি ডাউনলোড করে লাইব্রেরি কার্ড যুক্ত করলেই বই খোঁজা শুরু করা যায়। তবে লাইব্রেরির সাধারণ নিয়মের মতো জনপ্রিয় বইগুলোর জন্য এখানে অপেক্ষমাণ তালিকায় (ওয়েটিং লিস্ট) থাকতে হতে পারে। বিনামূল্যে নেওয়া ই-বুকটি দুই সপ্তাহের জন্য পড়ার সুযোগ থাকে, এরপর তা স্বয়ংক্রিয়ভাবে ফেরত চলে যায়। তবে এই দুই সপ্তাহ যেকোনো ই-রিডার বা মোবাইলে বইটি পড়া যায়।
বার্নস অ্যান্ড নোবল অনলাইন (Barnes & Noble Online)
'নুক' (Nook) ই-রিডার ব্যবহারকারীদের জন্য বার্নস অ্যান্ড নোবলের অনলাইন স্টোর এক দারুণ উৎস। রোমান্স, সাসপেন্স থেকে শুরু করে সমকালীন কথাসাহিত্য- নানা ধারার বিপুলসংখ্যক ফ্রি ই-বুক প্রতিদিন যুক্ত হয় এখানে। নুক ডিভাইস না থাকলেও স্মার্টফোন বা ট্যাবলেটে 'নুক অ্যাপ' ডাউনলোড করে এসব বই পড়া সম্ভব।
কোবো (Kobo)
কোবো ডিভাইস ব্যবহারকারীদের জন্য বিশেষ ফিচার নিয়ে তৈরি এই প্ল্যাটফর্ম। তাদের ফ্রি সংগ্রহের তালিকায় প্রতিদিন নতুন নতুন বই যুক্ত হয়। কোবো ই-রিডার ছাড়াও যেকোনো মোবাইল বা ট্যাবলেটে তাদের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে ফ্রি বইগুলো সহজে পড়ে ফেলা যায়।
ই-রিডার খুঁজছেন?
কাগজের বইয়ের গন্ধ হয়তো এখনো অমলিন, কিন্তু পড়ার অভ্যাস বদলে দিয়েছে ই-রিডার। আধুনিক পাঠক এখন শুধু উপন্যাস পড়তে চান না; একই ডিভাইসে গবেষণাপত্র, কমিকস, ম্যাগাজিন, নোট, এমনকি দৈনন্দিন কাজও সেরে নিতে চান। চোখের কোনো ক্ষতি না করেই হাজারো বইয়ের এক বিশাল গ্রন্থাগার যারা নিজেদের পকেটে বা ব্যাগে নিয়ে ঘুরতে চান, তাদের জন্য ই-রিডার এক জাদুকরী উদ্ভাবন।
আপনার ডিজিটাল লাইব্রেরিকে হাতের মুঠোয় রাখতে আমরা (মাল্টিমিডিয়া কিংডম) নিয়ে এসেছি শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সেরা সব ই-রিডার। বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আসল পণ্যটি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের থেকে ডিভাইসটি কিনলে সাথে পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি এবং সম্পূর্ণ কাস্টমার সাপোর্ট। সাথে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন সাশ্রয়ী দামে।
তাই, যেকোনো ই-রিডার কেনার আগে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে আজই ভিজিট করুন মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইট কিংবা স্টোরে। অথবা সরাসরি কথা বলুন (+8801755532345) আমাদের সিইও মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল-এর সাথে।